
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার বাখড়া গ্রামের কছিমুদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, গৃহকর্তা কছিমুদ্দিন (৬৫),কছিমুদ্দিনের স্ত্রী রোকেয়া বিবি (৫৫), বড় ছেলে গোলাম মোস্তফা (৪১) ছোট ছেলে এরশাদুল ইসলামের স্ত্রী মালা বেগম (২৭) গোলাম মোস্তফার মেয়ে মিম্মা আখতার (১৬)ও ছেলে রাহিফ (৮)। আহতদের মধ্যে গোলাম মোস্তফা ও রোকেয়া বেগমকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মালা বেগমকে জয়পুরাট জেলা হামপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভূক্তভোগীরা জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ৮/১০ জনের ডাকাত দল তাদের বাড়ির সিমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ৬ সদস্যকে দড়ি দিয়ে বেধে রেখে মারধর করে ৬ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি বিদেশী জাতের গরু, ৩ লাখ টাকার ২ ভরি স্বর্নালঙ্কার, অর্ধ লক্ষাধিক টাকার চাল, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে থাকা শিশু ও নারীরা চিৎকার ও কান্নাকাটি করলে ডাকাতরা রড ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী মারপিট করতে থাকে। এতে গৃহকর্তা,শিশু ও নারীসহ ৬ জন আহত হন। কিছুটা সুস্থ হলে থানায় মামলা করবেন বলেও জানান ভূক্তভোগীরা।
কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, আইনগত ব্যাবস্থা গ্রহন করতে ইতিমধ্যে পুলিশী অভিযান চলছে।