
স্টাফ রিপোর্টার : আট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়। রাজিবুল হোসেন পরিচালিত ‘বালুঘড়ি’ ও ‘ঊনাদিত্য’ নামের সিনেমা দুটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও মুক্তি পায়নি হলে। অবশেষে এত বছর পর বালুঘড়ি ও ঊনাদিত্য প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। 

এ বিষয়ে রাজিবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, বালুঘড়ি ও ঊনাদিত্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথম দিকের সিনেমা। সম্প্রতি নতুন করে রি-মাস্টারিং করা হয়েছে। ঊনাদিত্য সিনেমাটি দর্শক এখন ফাইভ-কে রেজল্যুশনে ৫ দশমিক ১ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে দেখতে পারবেন। এ ছাড়া বালুঘড়িতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি।
বালুঘড়ি সিনেমায় রুনা খানের সঙ্গে আরও অভিনয় করেছেন প্রয়াত কায়েস চৌধুরী, রশিদ হারুন, ওয়াহিদা মল্লিক জলি, ফারহানা মিলি, মনোজ প্রামাণিকসহ অনেকে। আগে কোনো গান ছিল না বালুঘড়ি সিনেমায়। নতুন করে এতে একটি গান যুক্ত করা হয়েছে, যা এআই দিয়ে নির্মিত। অন্যদিকে ঊনাদিত্য সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, জয়রাজ প্রমুখ।