

এটি মেটার পেইড সাবস্ক্রিপশন সার্ভিস ‘মেটা ভেরিফাইড’ থেকে আলাদা। নতুন ফেসবুক ভেরিফাইড ব্যাজটি বিনামূল্যে দেওয়া হবে এবং এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। মেটার তথ্যানুযায়ী, ব্যাজ পেতে যোগ্য ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে।
মেটা বলছে, বিশেষ করে মার্কেটপ্লেসে কেনাবেচা, ডেটিং বা কোনো স্থানীয় গ্রুপে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ব্যাজ ব্যবহারকারীদের বাড়তি আস্থা দিতে পারে। তবে ব্যাজ থাকার অর্থ এই নয় যে, ওই ব্যবহারকারীকে ফেসবুক অনুমোদন দিচ্ছে বা তার আচরণের নিশ্চয়তা দিচ্ছে।
যাচাই করা অ্যাকাউন্টকেও ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও কমার্স পলিসি মেনে চলতে হবে। কোনো ব্যক্তি নিয়ম ভঙ্গ করতে পারেন-তাই ফেসবুক ভেরিফাইড ব্যাজকে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা হিসেবে না দেখার কথা জানিয়েছে মেটা।
ফেসবুক ভেরিফাইড ধাপে ধাপে চালু করা হচ্ছে। প্রথমে কিছু নির্বাচিত বাজারে এটি পাওয়া যাবে, পরে আরও অঞ্চলে চালুর পরিকল্পনা রয়েছে। তবে কোন কোন দেশে প্রথম ধাপে সুবিধাটি চালু হচ্ছে, সে বিষয়ে মেটা বিস্তারিত তালিকা দেয়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ব্যবহারকারীদের জন্য সহায়ক হতে পারে, বিশেষ করে যেখানে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়। তবে সেলফি ভিডিও জমা দেওয়ার কারণে ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে প্রশ্নও থাকতে পারে। এই যাচাইপ্রক্রিয়ায় ব্যবহারকারীর ভিডিও সেলফি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে।
ফেসবুকের এই উদ্যোগ এমন সময়ে এলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, স্ক্যাম ও এআই-তৈরি কনটেন্ট শনাক্ত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মেটার আশা, নতুন ব্যাজটি ব্যবহারকারীদের বুঝতে সাহায্য করবে-যে প্রোফাইলটির সঙ্গে তারা যোগাযোগ করছেন, তার পেছনে অন্তত একজন যাচাইকৃত আসল মানুষ রয়েছেন।