
সাকের আহমেদ পূর্বাভাসকে জানান, নব্বইয়ের দশক থেকে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক। বিশেষ করে কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনার পর লিওনেল মেসির খেলা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। বিশ্বকাপকে সামনে রেখে নিজের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতেই তিনি ভবনটিকে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করেছেন।
তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। মেসির নেতৃত্ব, দলের অভিজ্ঞ খেলোয়াড়, শক্তিশালী গোলরক্ষক এবং সমন্বিত দলগত পারফরম্যান্স আমাকে আশাবাদী করেছে। আমি বিশ্বাস করি, এবারও আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার।
এদিকে আকাশি-সাদা রঙে সাজানো তিনতলা ভবনটির দিকে সবার চোখ যাচ্ছে। পথচারীরা থেমে ছবি তুলছেন, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছেন।
স্থানীয়দের মতে, মধুপুরে আর্জেন্টিনার প্রতি সমর্থনের এমন ব্যতিক্রমী প্রকাশ আগে খুব কমই দেখা গেছে।
বিশ্বকাপের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কাকরাইদ বাজারের এই ভবনটি এখন যেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের এক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে।