খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টির বেশি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৭ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি গলিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। এতে স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস এবং খাগড়াছড়ি থেকে আসা আরও একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “রাত ৩টার দিকে আগুন লাগে। এতে অন্তত ৩৫টির বেশি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।” তিনি আরও জানান, প্রথমে একটি গলিতে আগুন লাগলেও দ্রুত তা দ্বিতীয় ও তৃতীয় গলিতে ছড়িয়ে পড়ে, ফলে পুরো বাজার ক্ষতিগ্রস্ত হয়।
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, “রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।” তিনি ধারণা করেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ যাচাই না করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নেমে এসেছে চরম হতাশা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।