রাজনৈতিক সহিংসতায় নিহত ১৫, আহত দেড় হাজার : মানবাধিকার বাংলাদেশ
ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ২১২ টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫ জন নিহত ও এক হাজার ১ হাজার ৪৮৮ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক সহিংসতা এবং এই সহিংসতায় হতাহত বৃদ্ধির ক্রমবর্ধমান প্রবণতা অপরিবর্তিত আছে। মানবাধিকার বাংলাদেশ জানায়, ১০ দিনে রাজনৈতিক সহিংসতার ২১২টি ঘটনা ঘটে। এই ঘটনাগুলোতে মোট ১ হাজার ৪৮৮ জন আহত এবং নিহত হয় ১৫ জন। এর মধ্যে ১৭ জন আহত সাংবাদিকও রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামগ্রিক বিশ্লেষণে দেখা যাচ্ছে গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারির ১০ দিনে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেশি ঘটেছে। রাজনৈতিক সহিংসতার এই ক্রমবর্ধমান প্রবণতা নির্বাচনের আগে-পরেও অপরিবর্তিত থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর সেই ধারাবাহিকতায় এই ঘটনাগুলোতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ, নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজনীতির মাঠ ক্রমেই সহিংস হয়ে উঠছে। রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির সাথে সাথে সাংবাদিক আক্রান্তের হারেও বৃদ্ধির প্রবণতা অপরিবর্তিত আছে।
রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানির ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে মানবাধিকার বাংলাদেশ।