প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:০১ পি.এম
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)-এর প্রাণ বরকত উল্লাহ বুলু
মো. মিজানুর রহমান মিলন : জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করা হয়। বেগমগঞ্জবাসী দৈনিক পূর্বাভাস-এর সাথে আলাপকালে বলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)-এর প্রাণ বরকত উল্লাহ বুলু। তাকে মনোনয়ন প্রদানের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে বুলুই বেগমগঞ্জবাসীর ভরসাস্থল। উল্লেখ্য, বরকত উল্লাহ বুলু নোয়াখালীর মির্জানগর, নাটেশ্বর বেগমগঞ্জে ১৯৫৬ সারের ১০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতা আবদুর রহমান এবং মা কর্ফুলেন্নেসা।
বটতলি বাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। ১৯৮০ সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করার মধ্য দিয়ে শিক্ষা জীবন শেষ করেন। বরকত উল্লাহ বুলু ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ওঁতপ্রোতভাবে জড়িত। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী তাঁর রাজনৈতিক জীবনের প্রেরণা। দীর্ঘ রাজনৈতিক জীবনের এক পর্যায়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। তিনি নোয়াখালী-৩ আসনের বাসিন্দা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা পদেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক মোহাম্মদ হানিফকে ২৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন বরকত উল্লাহ বুলু বিজয়ী হন। এ বিজয়ই তাঁর জীবনের প্রথম সংসদ সদস্য হওয়ার সৌভাগ্য বয়ে আনে। ১৯৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি জাতীয়তাবাদী যুবদলের উল্লেখযোগ্য পদে সমাসীন ছিলেন। ১৯৮৯ সালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে যুব প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীনে যান। বর্তমানে বরকত উল্লাহ বুলু টিএন্ডটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, ফিল্ম সেন্সর বোর্ড সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য। তিনি মেডিকেল এন্ড ডেন্টাল জাতীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা নীতি নির্ধারণ কমিটির সদস্য ছিলেন। গ্রামে মানুষের সাথে কথা বলা। নাটক দেখা, গান শোনা এবং কবিতা পাঠ জনাব বুলুর শখ। ২ পুত্র সন্তানের জনক বরকত উল্লাহ বুলু ১৯৮১ সালে শামীম আক্তার লাকীকে বিয়ে করেন। শামীম আক্তার ১৯৮০-৮২ তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন|
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত